শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
রোববার পৃথক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তাঁর ভূমিকা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অবদান এবং গণপূর্ত, ভূমি, পররাষ্ট্র, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে তিনি দেশের রাজনীতি ও রাষ্ট্রীয় প্রশাসনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তারা বলেন, জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে বিচক্ষণতা, প্রজ্ঞা ও সততার পরিচয় দিয়েছেন। তার বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশ ও জনগণের প্রতি অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।