শিরোনাম

ঢাকা, ১৬ জুলাই ২০২৬ (বাসস) : সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, শহীদ আহাদ ও সুমনের মতো তরুণদের রক্তের বিনিময়ে আজ আমরা এক বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তাদের এই মহান আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
আজ মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আজ সারা বাংলাদেশে সরকারি ও বেসরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহম্মদপুরের রসূলপুর থেকে আমাদের এই কর্মসূচির বিশেষ উদ্বোধন করা হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় চলমান এই কর্মসূচিকে সফল করতে সরকার বদ্ধপরিকর।
সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী ও বৈষম্যহীন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মন্ত্রিসভা গঠনের পর থেকেই জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামীণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর থেকে ট্যাক্স মওকুফ করা হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারের দায়িত্বশীল নারী সদস্যের নামে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষিকাজে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে।
সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ইমাম, ঠাকুর, পুরোহিত ও খ্রিষ্টান ধর্মগুরুসহ সকল ধর্মীয় প্রচারকদের একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে এনে মাসিক ভাতার আওতায় আনা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমেও সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া দেশের বেকার যুবকদের জন্য বহুমুখী কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় সফল সফরসহ অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রেমিট্যান্স বৃদ্ধি ও বৈদেশিক কর্মসংস্থানের পরিসর বাড়ানোর কার্যক্রম জোরদার করা হচ্ছে। শিল্প, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমেও ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হচ্ছে।
মুহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।