বাসস
  ০৬ জুলাই ২০২৬, ১৪:৩৮

উয়ারী-বটেশ্বর স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন। ছবি: পিআইডি

ঢাকা, ৬ জুলাই, ২০২৬ (বাসস): বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

আজ (সোমবার) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বাড়বে।

ছবি: পিআইডি

উদ্বোধনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।