শিরোনাম

রাজশাহী, ৬ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, পুরস্কার প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার সকাল পৌনে ১০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ করা হয়। বিআরডিবি, রাজশাহী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।