বাসস
  ০৪ এপ্রিল ২০২৬, ২৩:০১
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০০:১৪

ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ছবি : পিআইডি

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, হাজার বছরের ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সকলের দায়িত্ব। কেউ এই সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহনশীলতার ঐতিহ্য রক্ষায় তার দেশ সবসময় বাংলাদেশের পাশে থাকবে।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।