শিরোনাম

কুমিল্লা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১ হাজার ৯৪৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন এবং ১ হাজার ৬০৮ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসা. পাপিয়া আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণ শেষে ১ হাজার ৯৪৪ জনের ফলাফলে পরিবর্তন আনা হয়েছে।
পরিবর্তিত ফলাফলের মধ্যে ২০৭ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন। এছাড়া ৩৩৬ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। অপরদিকে, ১ হাজার ৬০৮ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বাসসকে বলেন, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ।