বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভা

ছবি: সংগৃহীত

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আজ ‘কেয়ার ইকোনমি অ্যান্ড দ্য লেবার মার্কেট : রি থিংকিং উইমেন্স ইকোনমিক এজেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. সানজীদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৃহস্থালি ও পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার মতো অবৈতনিক কাজ এখনো নারীদের ওপর নির্ভরশীল। এসব কাজ নারীর শ্রমবাজারে অংশগ্রহণ ও অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে যত্নমূলক কাজের গুরুত্ব স্বীকার করতে হবে এবং এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে। 

তারা বলেন, নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও কর্মক্ষেত্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।