বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৩

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী

আজ চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ‘সবাই মিলে খেলা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’- এ স্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।

এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সিনিয়র শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এবিএম খালিদ হাসান সিদ্দিকী।  

এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি প্রমুখ।

এরআগে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হতে হবে। তবে খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটাও ঠিকমত চালিয়ে যেতে হবে। অবশ্যই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিবছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণের সময় সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীকে আগে পুরস্কার দেয়া হবে।

অভিভাবকদের বলছি, আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে মিশে অবশ্যই খেয়াল রাখবেন। বাচ্চাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অনুসরণ করতে হবে।

অনুষ্ঠান শেষে ৮টি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।