বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২২:২৬

ঢাবিতে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ছবি: বাসস

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ বিভাগের যৌথ উদ্যোগে ‘চ্যালেঞ্জ অব রোহিঙ্গা রিপ্যাট্রিশেন: ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড ন্যাশনাল প্রায়োরিটিস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শামছুল ইসলাম বলেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকট শুধু একটি বিষয় নয়, এটি একই সঙ্গে মানবিক নিরাপত্তার উদ্বেগ, কূটনৈতিক পর্যায়ে জাতীয় নিরাপত্তার একটি চ্যালেঞ্জ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি। বর্তমান সরকার দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের উন্নতির জন্য যা কিছু সম্ভব, তা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

ছবি: বাসস

তিনি আরও বলেন, বাংলাদেশ গত নয় বছরে অসাধারণ উদারতা প্রদর্শন করেছে। কিন্তু এই উদারতাকে কোনো একটি সমস্যার প্রতি অনির্দিষ্টকালের দায়বদ্ধতার সঙ্গে গুলিয়ে ফেলা যায় না। বাংলাদেশ এই সমস্যা তৈরি করেনি। আবার, বাংলাদেশ একা এই সমস্যার সমাধান করতে পারবে না।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের স্থায়ী দায়িত্ব হিসেবে গ্রহণ করা বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের জন্য নৈতিকভাবে বা কৌশলগতভাবে গ্রহণযোগ্য নয়। শুধু অপেক্ষা করা এবং পরিস্থিতির উন্নতির আশা করার অর্থ হলো, পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হবে। আমাদের জন্য একটিই পথ খোলা আছে। তা হলো-প্রত্যাবাসনের জন্য সক্রিয় ও ধারাবাহিক চাপ, যা একটি সুসংহত কূটনৈতিক এবং বিশ্বাসযোগ্য ও টেকসই নিরাপত্তা কৌশল দ্বারা সমর্থিত হবে। এ ব্যাপারে তিনি আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন।

ড. ওবায়দুল ইসলাম বলেন, রোহিঙ্গা সংকট বর্তমান সময়ের একটি অন্যতম মানবিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। এটি আমাদের জাতির ওপর অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত ব্যাপক চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন। তাদের স্বেচ্ছায় ও নিরাপদে প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্বয়ং রেহিঙ্গা জনগণের অভিন্ন লক্ষ্য। এই সমস্যা সমাধানে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। স্বাগত বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।