শিরোনাম

চট্টগ্রাম, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) উদযাপন করা হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।
এ উপলক্ষ্যে আজ মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আলোচনা সভা, পোস্টার প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
অনুষ্ঠানে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তৈরি ৩৭টি পোস্টার প্রদর্শন করা হয়। অনুষদের পাঁচটি ব্যাচ থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পোস্টার প্রদর্শন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং নির্ধারিত থিমের ওপর পোস্টার প্রদর্শন করে প্রতিটি ব্যাচ থেকে একজন করে চ্যাম্পিয়ন ও একজন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে পাঁচটি ব্যাচ থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ হওয়া ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই দেওয়া হয়।
মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফয়সালের সভাপতিত্বে এবং মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল হক এবং চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান এবং অনুষদীয় মৎস্য পক্ষ-২০২৬ অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ।