শিরোনাম

সিলেট, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। আগামী ২২ আগস্ট পর্যন্ত কর্মশালাটি চলবে। শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। কোর্স সমন্বয়কারী ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।
কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর।