শিরোনাম

টাঙ্গাইল, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।
বৃক্ষরোপণ উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। নেপালসহ বিভিন্ন দেশে বন্যা ও পাহাড়ধসের মতো দুর্যোগ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার সতর্কবার্তা।
তিনি বলেন, আজ থেকে মাভাবিপ্রবিতে ৩ হাজার গাছের চার রোপণের কার্যক্রম শুরু করেছি। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হয়ে সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আনিছুর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ ও এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী।
এ ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।