বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৬:৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে রাসায়নিক নিরাপত্তা বিষয়ক সেমিনার 

ছবি: আইএসপিআর

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের রসায়নবিদগণের ভবিষ্যত কর্মক্ষেত্র নির্বাচন বিষয়ক এক সেমিনার আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)-এর তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে কেমিক্যাল উইপন্স কনভেনশন (সিডব্লিউসি)-এর অধীনে এ সেমিনারটি করা হয়েছে। সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ফ্যাকাল্টি ও সব বর্ষের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে বিএনএসিডব্লিউসির সদস্য সচিব এবং মহাপরিচালক, অসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ কমডোর মোঃ মনির উদ্দীন মল্লিক, (ট্যাজ), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন এর উপস্থিতিতে বক্তাগণ রাসায়নিক নিরাপত্তা, সুরক্ষা এবং দ্বৈত-ব্যবহারের ঝুঁকি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন, রাসায়নিক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি ভবিষ্যৎ প্রকৌশলীদের জন্য একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশনের আলোকে তরুনদের সচেতন করে গড়ে তুলতে বিএনএসিডব্লিউসি কর্তৃক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে সেমিনারটি আয়োজন করা হয়।