বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ১৬:০৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: বাসস

রাজশাহী, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘আইইইই এপিএস পালস ১.০’ (IEEE AP-S PULSE ১.০) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সকালে রাবির প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন, রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আইইইই-এর ফেলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি’র বিশিষ্ট প্রফেসর কারু এসেল। 

কর্মশালার আহ্বায়ক ড. ফয়েজ আহমেদসহ আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর এতে বক্তব্য দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অ্যাকাডেমিক সেশনে বক্তব্য দেন, প্রফেসর কারু এসেল ও প্রফেসর আতিফ শামিম। এরপর শিল্প-অ্যাকাডেমিয়া সংলাপ, হাতে-কলমে অ্যান্টেনা ডিজাইন কর্মশালা ও প্রতিযোগিতা এবং শেষে অংশগ্রহণকারীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। 

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় অংশ নিয়ে কর্মক্ষেত্রে একজন গ্র্যাজুয়েটের কাছে তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি, গবেষণায় শিল্পখাতের ভূমিকা, গবেষণা অবকাঠামো ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা উন্নয়ন এবং যৌথ গবেষণা ও উদ্ভাবনে শিল্প-একাডেমিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইইই)-এর আইইইই এপিএস-এমটিটিএস বাংলাদেশ জয়েন্ট চ্যাপ্টার ও আইইইই এপিএস রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাখার যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এই কর্মশালার আয়োজন করে।