শিরোনাম

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, বিশ্ব র্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নের পাশাপাশি উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা, গবেষণার সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
রাজধানীর একটি হোটেলে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম-২০২৬’-এ সম্মানিত অতিথির বক্তব্যে তিনি আজ সোমবার এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান গুরুত্বপূর্ণ, কিন্তু র্যাংকিং কোনো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হতে হবে মানসম্মত শিক্ষা দান, জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থান যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার রূপান্তরের লক্ষ্যে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় গবেষণার মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ এবং দেশ-বিদেশের পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবকাঠামো, শিক্ষক, গবেষণা, প্রযুক্তি, অর্থায়ন ও শিক্ষার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিদ্যমান পার্থক্য কমিয়ে সব শিক্ষার্থীর জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন এবং ইউজিসি এ লক্ষ্যেই কাজ করছে।
ফোরামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে কিউএসের ভাইস প্রেসিডেন্ট-স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল এনগেজমেন্ট ড. অশ্বিন ফার্নান্দেজ, চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) মহাসচিব ইশতিয়াক আবেদীন, এপিইউবির সভাপতি ড. সবুর খান এবং এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ইউজিসির সদস্য, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।