শিরোনাম

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ইউনিট ‘বাঁধন’-এর উদ্যোগে নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।
হল মিলনায়তনে রোববার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে হলের ৩৭ জন রক্তদাতাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘রক্তদান একটি মহৎ কাজ। এই ধরনের সেবামূলক কাজ মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বাঁধন হল ইউনিটের সাবেক সভাপতি মো. হাসিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের অধ্যাপক ডা. মুনশী এম. হাবিবুল্লাহ এবং ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশের পরিচালক অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন এবং বাঁধন হল ইউনিটের উপদেষ্টা প্রভাষক নাঈমুল ইসলাম। অনুষ্ঠানে হল ইউনিট বাঁধনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক রক্তদাতা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।