বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২

বাগেরহাট জেলা হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে সমন্বয় সভা

বুধবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

বাগেরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাট জেলা হাসপাতালের সেপ্টেম্বর মাসের মাসিক সমন্বয় সভা গতকাল বুধবার সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমদ্দার-এর সভাপতিত্বে সভায় হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।

সভায় হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং সেবার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। এ সময় হাসপাতালের সার্বিক সেবা ব্যবস্থা আরও গতিশীল ও রোগীবান্ধব করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর আলোচনা হয়।

সভায় উপস্থিত হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা রোগীদের কল্যাণ এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।