বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪

বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু

বুধবার বাগেরহাট পৌরসভা চত্বরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি: বাসস

বাগেরহাট, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জলাতঙ্ক প্রতিরোধে বাগেরহাট পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন (টিকাদান) কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল বুধবার বাগেরহাট পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেয়া হবে। ভ্যাকসিন দেয়ার জন্য ফেনী থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথে চুক্তি করা হয়েছে। তারা পৌর শহরের বেওয়ারিশ কুকুরসহ গৃহপালিত যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দিবে। এর ফলে কুকুরে কামড়ালেও মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার ঝুকি কমবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

পৌর কর্তৃপক্ষ আরও জানায়, বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে  গত ৩ মাসে অন্তত ৭ হাজার ৫শ’ মানুষকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।