শিরোনাম

বাগেরহাট, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাগেরহাটের কচুয়ায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গতকাল শুক্রবার ধর্মীয় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার উদ্যোগে কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও উপজেলা মন্দির কমপ্লেক্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি অনিমেষ কান্তি সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রণয় কান্তি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার আমির সালমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আর.জি মনা।
আলোচনা সভা শেষে একটি ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির কমপ্লেক্সে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাতে মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে শ্রীকৃষ্ণের কালজয়ী আদর্শ ও দর্শন অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।