শিরোনাম

কুষ্টিয়া, ৪ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার মিরপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ মালিথা জেলার মিরপুর উপজেলার খয়েরপুর এলাকার মৃত শাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের জন্য সাইকেল যোগে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। পথিমধ্যে খয়েরপুর বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারি-চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আব্দুল লতিফ মালিথাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।