বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০

রাজবাড়ীতে আগুনে পাঁচটি দোকান পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি

শুক্রবার বিকেলে জেলার পাংশা শহরের বারেক মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: বাসস

রাজবাড়ী, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার পাংশা উপজেলা শহরের একটি বাজারে আগুনে পুড়ে পাঁচটি দোকান ভস্মীভুত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বাসস’কে জানান, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে পাংশা শহরের বারেক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

পাংশা বণিক সমিতির সভাপতি বাহারাম হোসেন জানান, বাজারের পাশেই একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির মৌজুদ ছিল। সেখানে বল্লা জাতীয় কীট বাসা করেছিল। সেই বাসা আগুন দিয়ে পোড়াতে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

আগুন দিয়ে বল্লার বাসা পোড়ানোর সময় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বাজারের পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়। বণিক সমিতির সভাপতি সাংবাদিকদের জানান তার নিজের দু’টি দোকান পাশের দু’টি দোকান কাঠের ফার্নিচারের দোকান, অপর ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক আরো জানান, পাংশা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল এবং জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি। 

পাংশা থানার ভারপপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বাসস’কে জানান এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানতে পেরেছি।