বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০

ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন

ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ মাড়াই মৌসুমের আখ রোপণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ চিনিকলের মিলস গেট বি সাবজোনের ৯ নম্বর ইউনিটে স্থানীয় চাষি মো. মুক্তার হোসেনের জমিতে রোপা পদ্ধতিতে বেডে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সচিব মোহাম্মদ মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদসহ চিনিকলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সিবিএ ও শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আখচাষী কল্যাণ সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আখ রোপণ মৌসুমের শুরুতেই স্থানীয় চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে চলতি মৌসুমে আখের সামগ্রিক উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে।