শিরোনাম

নারায়ণগঞ্জ, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে জেলার সোনারগাঁ উপজেলার চৈতী কম্পোজিট লিমিটেডকে ৭৫ লাখ ৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
আজ সোমবার পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দল শীলমন্দী এলাকায় অবস্থিত ওই কারখানাটি সরেজমিনে পরিদর্শন করে। ওই সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে তরল বর্জ্য শোধনাগারের (ইটিপি) নির্গমনস্থল থেকে বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে তা পরীক্ষা করা হলে দূষণের চিত্র ধরা পড়ে।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, কারখানার তরল বর্জ্যে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানের মাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এতে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়Ñযা ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩’ অনুযায়ী নির্ধারিত সীমার বাইরে।
বর্জ্যের এসব মানমাত্রা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রমাণিত হওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৭ ধারা অনুযায়ী চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে এই ক্ষতিপূরণ ধার্য করা হয়।
পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের মনিটরিং ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।