বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৪:৪৬

সুনামগঞ্জে তিন কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ 

সুনামগঞ্জ, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার শান্তিগঞ্জ উপজেলায় একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। 

অভিযানে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

‎আজ সোমবার ভোর রাত ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। 

আজ দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল শান্তিগঞ্জ এলাকায় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। এ সময় ভ্যানের ভেতর থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। 

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ ১০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

‎বিজিবি জানায়, উদ্ধার করা ভারতীয় শাড়িগুলো চোরাই পথে দেশে প্রবেশ করানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ঘটনায় কাভার্ড ভ্যানের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

‎তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎জব্দ করা ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।