বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৪:১৩

বাগেরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দিনব্যাপী কর্মসূচি

বাগেরহাট, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাগেরহাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। 

সভায় আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে, অতি প্রত্যুষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ এবং বিকেল ৩টায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা।

জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এছাড়া সন্ধ্যায় বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের ইতিহাস, সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়ের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের কল্যাণে কাজ করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হবে। বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণের মতো কর্মসূচি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি, সদর উপজেলা ও বাগেরহাট পৌর বিএনপিসহ বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।