বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ২২:৪১

সিডিএ অনিয়ম পেয়েছে ৬ প্রতিষ্ঠানে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

চট্টগ্রাম, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : নকশা বহির্ভূত ভবন নির্মাণ, ব্যবস্থাপনা না মেনে হাসপাতাল পরিচালনা ও আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগে ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এসব অনিয়ম নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ (সোমবার) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযানকালে ল্যানসেট হাসপাতাল, শেভরন হাসপাতাল, বেলভিউ হাসপাতাল, ট্রিটমেন্ট হাসপাতাল, উৎসব সুপার মার্কেট এবং আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পার্কিং ও অগ্নিনিরাপত্তাসহ নানা অনিয়ম পেয়েছে সিডিএ। অভিযানে নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

সিডিএ’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত জানান, ল্যানসেট হাসপাতালে আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা, অগ্নিনিরাপত্তায় ঘাটতি, অপর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং পার্কিংয়ের নির্ধারিত স্থানে দোকান পরিচালিত হচ্ছে। শেভরন হাসপাতালে পর্যাপ্ত পার্কিং না থাকা এবং আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলে পার্কিং ব্যবস্থা না থাকার তথ্য পাওয়া গেছে। ট্রিটমেন্ট হাসপাতালে পার্কিংয়ের স্থানে সিলিন্ডার রাখা এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার বিষয়টি পাওয়া যায়। এসব অনিয়মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট ভবনের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রামকে যানজটমুক্ত করার লক্ষ্যে ভবনের নকশায় পার্কিং লটের অনুমোদন দেওয়া হয়েছে। অথচ বিভিন্ন প্রতিষ্ঠান তা না মেনে পার্কিং লটকে অন্য কাজে ব্যবহার করছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা নেই তাদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানকালে সিডিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্ট হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।