শিরোনাম

ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এ কার্ডের মাধ্যমে আবেদন করে প্রতিমাসে এক হাজার টাকা করে জনপ্রতি সরকারি ভাতা পাবে কার্ডধারী প্রতিবন্ধীরা। কার্ড হাতে পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটেছে।
আজ সোমবার দুপুর ২টায় সদর উপজেলা হলরুমে সমাজসেবা ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সুবর্ণ কার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে প্রতিবন্ধীরা এখন আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবেনা, তাদের জন্য বছরে ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য নানা উদ্যোগের বার্তা দিয়ে এমপি ওয়াহাব আকন্দ আরও বলেন, ইতিমধ্যে দেশজুড়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান। অচিরেই এসব কার্ডের মাধ্যমে সারাদেশের উপকারভোগীরা সুফল ভোগ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাসসকে বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ডপ্রাপ্তরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে পাবে এক হাজার টাকা করে ভাতা।