বাসস
  ২৪ আগস্ট ২০২৬, ১৮:১১
আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮:২৯

ময়মনসিংহে ৬শ’ বস্তা সার মজুতের অভিযোগে ২ ব্যবসায়ীর জেল-জরিমানা

ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জেল ও জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের মাঝে সারের সঠিক বিপনন নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়।

আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার উচাখিলা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. নূর এ আলম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়। অপরদিকে, শ্রী শ্যামল চন্দ্র সাহা নামক আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে বাসসকে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচাখিলা বাজারে অভিযান চালানো হলে নূর এ আলম নামে এক খুচরা সার বিক্রেতার দোকানে ৬০০ বস্তা সার অবৈধভাবে মজুত করা অবস্থায় পাওয়া যায়। এ সময় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়।

একই সঙ্গে শ্যামল চন্দ্র সাহা নামে অপর ব্যক্তিকে সার মজুতের অভিযোগে একই আইনে ৫ হাজার টাকায় জরিমানা করা হয়। আগামীতেও সার মজুতকারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।