বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৪:০৪

গাজীপুরে  ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত

গাজীপুর, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় ট্রাকে থাকা ৫ টি গরুর মৃত্যু হয় ঘটনাস্থলেই। এসময় মুমূর্ষু অবস্থায় আরও ৪টি গরু জবাই করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ট্রাক চালক আলমগীর (৩৮)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা গ্রামের মৃত রাশিদ ফকিরের ছেলে। অপরজন গরু ব্যবসায়ী হানিফ (৪০)। তিনি একই উপজেলার শিমুলিয়া গ্রামের খোরশেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেনে গরুবাহী ট্রাকের সঙ্গে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ি নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে বাসসকে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ নিয়ে গেছে।

কোনাবাড়ি নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান আজ সকালে বাসসকে জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।