বাসস
  ১৬ আগস্ট ২০২৬, ১৩:১৬

ঝিনাইদহে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইদহ, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত আরাবি শহরের ঝিনাইদহ পৌর শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা শামীম আহমেদের ছেলে ও ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয় আরাবি। এরপর সে আর বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলা পরিষদের পুকুরের পাশে তার পরিহিত প্যান্ট পড়ে থাকতে দেখে আরাবির মা কান্নাকাটি করতে থাকে। সেসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে আরাবিকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটিকে পারিবারিক ভাবে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। পরে শিশুটির নিথর দেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী বলেন, হাসপাতালে পৌছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বাসসকে বলেন, মরদেহ আজ রোববার দুপুর পর্যন্ত সদর হাসপাতালের মর্গে রাখা হবে। আমরা এ মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে সিসি টিভি ক্যামেরা রয়েছে। সব কিছু যাচাই বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষ হলেই মরদেহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।