শিরোনাম

বাগেরহাট, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ,অপরাধ দমন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির জানান দিতে বাগেরহাটে জেলা পুলিশের ব্যতিক্রমী ও নজরকাড়া মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা পুলিশ লাইন্স থেকে জেলার বিভিন্ন ইউনিটের সমন্বয়ে এ মহড়া শুরু হয়। জেলার ৯টি থানায় একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রস্তুতি ও সক্ষমতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোটরসাইকেল নিয়ে সাইরেন বাজিয়ে বাগেরহাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। জেলা পুলিশ লাইন্স থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের মাজার প্রাঙ্গণ, ডিসি অফিস, খুলনা-বাগেরহাট মহাসড়ক, বাসস্ট্যান্ড, দড়াটানা ও মুনিগঞ্জ সেতুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।
পুলিশের একযোগে এমন ব্যাপক মহড়া শহরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ সময় সড়কের পাশে শত শত মানুষ দাঁড়িয়ে পুলিশের মহড়া প্রত্যক্ষ করেন।
মহড়ায় নেতৃত্ব দেন বাগেরহাট জেলা পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি আরও জোরদার করা, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা যাচাই ও জানান দেওয়াই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য।
পুলিশের এ মহড়া শুধু নিয়মিত প্রস্তুতির অংশ নয়, বরং মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধের সঙ্গে জড়িতদের জন্য একটি দৃশ্যমান আগাম সতর্কবার্তা হিসেবেও তাৎপর্য বহন করছে। শহরের বিভিন্ন সড়কে পুলিশের সাইরেন বাজিয়ে বিপুল সংখ্যক মোটরসাইকেলের বহর প্রদক্ষিণের মধ্য দিয়ে জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের দৃঢ় অবস্থানের জানান দিয়েছে।
বিশেষ করে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও প্রস্তুতি রয়েছে-মহড়ার মাধ্যমে এমন বার্তাই জনমনে দৃশ্যমান হয়েছে।
বাগেরহাট জেলার ৯টি থানায় একযোগে মহড়া অনুষ্ঠিত হওয়ায় জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় সমন্বিত প্রস্তুতির বিষয়টি সামনে এসেছে। জেলার বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচি পুলিশের দ্রুত সাড়া দেয়ার সক্ষমতা এবং মাঠ পর্যায়ে সমন্বিতভাবে দায়িত্ব পালনের প্রস্তুতির প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের প্রস্তুতি সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তাবোধ বাড়াতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাগেরহাট জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা সক্ষম।
পুলিশের এ ব্যতিক্রমী মহড়ার মধ্য দিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছেছে, অন্যদিকে অপরাধীদের প্রতিও গেছে কঠোর ও সুস্পষ্ট সতর্ক সংকেত-আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না।