বাসস
  ১৪ আগস্ট ২০২৬, ২০:৫৯

সাতক্ষীরার কালিগঞ্জে কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি: বাসস

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৬ (বাসস) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্মরণে সাতক্ষীরার কালিগঞ্জে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে স্থানীয় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

কদমতলা পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমির মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টুর সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিলন শিকদারসহহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের খেলার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। 

কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শ্যামনগর ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিডিকে মিতালী সংঘ।