বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৮:৫৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩ প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা

ছবি: বাসস

নারায়ণগঞ্জ, ১১ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

সোনারগাঁও-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো: বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন ও ঈশা খাঁ মিষ্টি ঘর। প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হয়।
 
নিরাপদ খাদ্য ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে মোগরাপাড়ার চৌরাস্তা এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও প্রয়োজনীয় নিয়ম না মানায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

অভিযানকালে দোকান কর্তৃপক্ষকে ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও বিক্রির কঠোর নির্দেশ দেয়া হয়। এ সময় সোনারগাঁ উপজেলা স্যানিটারি পরিদর্শক মোশাররফ হোসেন এবং সোনারগাঁ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।