বাসস
  ১১ আগস্ট ২০২৬, ২১:৩৪

নীলফামারীতে বড়মাঠ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

নীলফামারী, ১১ আগস্ট ২০২৬ (বাসস): জেলা প্রশাসনের উদ্যোগে আজ নীলফামারী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ‘বড়মাঠ’ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে পরিচালিত এ উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। 

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম, র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক মোকাদ্দেছুর রহমান, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শহরের বড়মাঠ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিছু দোকান উঠে গেছে। অবশিষ্ট দোকানগুলোকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। যদি স্বেচ্ছায় সেগুলো অপসারণ করা না হয় তাহলে অভিযান পরিচালনা করা হবে।