বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১৮:১৫

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

প্রতীকী ছবি

গাইবান্ধা, ১১ অগাস্ট ২০২৬ (বাসস): জেলার সাদুল্লাপুর উপজেলায় আজ সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালাম মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত কালাম মিয়া জেলার  সাদুল্লাপুর উপজেলার মধ্যপাড়া আমবাগান এলাকার মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপাড়া আমবাগান এলাকায় খাজা মিয়ার সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করছিলেন কৃষক কালাম মিয়া। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুতর অবস্থায় কালাম মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) সুপদ হালদার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।