বাসস
  ১১ আগস্ট ২০২৬, ১১:৫৩

রাজবাড়ীতে নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সেমিনার

সোমবার গোয়ালন্দ নদীবন্দর এলাকায় নৌযান শুমারি বিষয়ে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

রাজবাড়ী, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে জেলা পর্যায়ে নৌযান-সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নৌ যান শুমারি বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার গোয়ালন্দ নদীবন্দর এলাকায় নৌযান শুমারি বিষয়ে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। 

এরআগে বিকেল সাড়ে ৪টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে নৌ যান শুমারি অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, নৌ পরিবহন অধিদপ্তরের মো. মনির হোসেন, রাজবাড়ী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক মো. রোকনুজ্জামানসহ জেলার পাঁচটি উপজেলার পরিসংখ্যান কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সেমিনারে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, নৌ যানে অপরাধ প্রবণতা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে এ জরিপ প্রকল্প হাতে নেয়া হয়েছে। নৌ যান শুমারি পরিচালনার আগে এর সম্ভাব্যতা ও যৌক্তিকতা নিরূপণের জন্যই এ অবহিতকরণ সেমিনারের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, নৌ যানের মালিকের পরিচয়, নৌ যানের সংখ্যা, বর্তমান যান্ত্রিক অবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের ক্ষেত্রে এ জরিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পাওয়া গেলে নৌ যান খাতের নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম বাসস’কে বলেন, আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নৌ যান শুমারির কার্যক্রম পরিচালিত হবে। সুষ্ঠুভাবে শুমারি কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।