শিরোনাম

হবিগঞ্জ, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে ১ সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।
আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মশহুদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পিকআপটি নিয়ে দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন মশহুদ। সকাল ৭টার দিকে বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করে।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।