বাসস
  ১০ আগস্ট ২০২৬, ১৫:২১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

গোপালগঞ্জ, ১০ আগস্ট, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আজ জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে গোপালগঞ্জ  জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এরআগে রোববার রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে নিলফা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল জাবেদ আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বাসস’কে জানান, সড়ক দুর্ঘটনায় আহত জাবেদ আলী শেখ সোমবার ভোর ৫টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।