বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ২৩:৩৯

পটুয়াখালীতে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ৪৭০ জন পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

ছবি: বাসস

পটুয়াখালী, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সদর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত মেডিকেল ক্যাম্পে ৪৭০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন আজ বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কার্যক্রমের ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রার ব্যবস্থাপনায় সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ক্যাম্পে স্থানীয় ৪৭০ জন নারী, পুরুষ ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।