বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ২১:৩৭

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ মেয়রের

ছবি : বাসস

চট্টগ্রাম, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম মহানগরীতে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করার নির্দেশ দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ডে ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করারও নির্দেশ দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন আজ নগরীর টাইগারপাস থেকে অক্সিজেন হয়ে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড এবং সেখান থেকে ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকৌশলীসহ দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি এসব নির্দেশ দেন।

মেয়র নগরের অন্যতম প্রবেশমুখ অক্সিজেন মোড়ে নির্মাণাধীন গোলচত্বরের কাজ পরিদর্শন করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের আইল্যান্ডে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং সেখানে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম জোরদার করতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিবকে নির্দেশনা দেন। 

মেয়র বলেন, নগর উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। উন্নয়নের সুফল প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। পরিচ্ছন্নতা, সড়ক উন্নয়ন, সবুজায়ন, সৌন্দর্যবর্ধন ও নাগরিক সেবার মানোন্নয়ন-সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

মেয়র বলেন, চট্টগ্রামকে শুধু অবকাঠামোগতভাবে নয়, পরিবেশগতভাবেও একটি আধুনিক ও বাসযোগ্য নগরে পরিণত করতে আমরা কাজ করছি। সৌন্দর্যবর্ধন ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ নগর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে যেসব সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নাগরিকদের দুর্ভোগ কমিয়ে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। উন্নয়নকাজে কোনো ধরনের গাফিলতি বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। প্রতিটি প্রকল্প নির্ধারিত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়ন করতে হবে, যাতে নগরবাসী দ্রুত উন্নয়নের সুফল ভোগ করতে পারেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রম তদারকি এবং নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।