শিরোনাম

রংপুর, ৬ আগস্ট, ২০২৬ (বাসস): রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বিটুল মিয়া (৩৯) নামে বাংলাদেশ রেলওয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে যাত্রাবিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা রেলস্টেশনে ‘ওয়েম্যান’ পদে কর্মরত ছিলেন।
পীরগাছা রেলস্টেশনের মাস্টার জেনারুল ইসলাম জানান, দোলনচাঁপা ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর চলন্ত অবস্থায় সেটিতে ওঠার চেষ্টা করেন বিটুল। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোনারপাড়া জিআরপি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।