বাসস
  ০৬ আগস্ট ২০২৬, ১৪:১২

নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আজ বাপা নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডা. মো. আনোয়ারুল হক এমপি।ছবি: বাসস

নেত্রকোণা, ৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে এবং বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ  এবং বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে বৃক্ষরোপণ করে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, ‘গাছ আমাদের অক্সিজেন, ছায়া ও জীবনের নিরাপত্তা দেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ 

তিনি শিক্ষার্থীদের মাঝে শৈশব থেকেই গাছ লাগানো ও নিয়মিত পরিচর্যার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এবং বাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজাউল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাড. নুরুজ্জামান নুরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুশফিকুর রহমান খান ও বাপা নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ছোটন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর খান পাঠান সাহের, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ এস এম মুসা, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু ও সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, তারেক জিয়া পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি মীর্জা আজিজুর রহমান হাবলু এবং জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।