বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৩:৪৬

রাজাপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): জেলার রাজাপুরে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রা (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড় কৈবর্তখালী সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন-পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকার মো. বেল্লাল সরদারের ছেলে মো. মেহেদী (২৪) এবং চরমোনাই কোরআন শিক্ষা বোর্ডের ইংলিশ শিক্ষক এবিএম আবদুর রহিম। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া এলাকার মৃত হোসেন মাস্টারের ছেলে। 

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে বরিশাল থেকে ভান্ডারিয়ার দিকে যাওয়া একটি মাহিন্দ্রা বড় কৈবর্তখালী সমবায় এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় আরও চারজন আহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে মাহিন্দ্রের চালক পলাতক রয়েছেন।
 
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন-রাজাপুর উপজেলার তারাবুনিয়া এলাকার মৃত রমেশ চন্দ্র বেপারীর ছেলে রিমন চন্দ্র বেপারী (৩৫), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৩ নম্বর ওয়ার্ড এলাকার বজলুর রহমানের ছেলে মো. আবির রহমান (৩১) এবং একই উপজেলার ২ নম্বর ওয়ার্ড এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫)। আহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।