বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১২:৩০

আনোয়ারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ২

চট্টগ্রাম (দক্ষিণ), জুলাই ৩১, ২০২৬ (বাসস): জেলার আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নারী নিহত এবং অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। 

নিহতরা হলেন, উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা পলি দত্ত (৩২) ও একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে চায়ের দোকানে ঢ়ুকে যায়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজিচালক ও যাত্রীরা গুরুতর আহত হন।

এ ঘটনায় আহত হন এক দোকানদার। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু'জনের মৃত্যু হয় এবং বাকি আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর হয়েছে, কয়েকজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আহত ১০ জনকে হাসপাতাল আনার পরে দুইজন মারা গেছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অনিন্দিতা বলেন, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।