বাসস
  ৩১ জুলাই ২০২৬, ১৩:৪৪

আরপিএমপির অভিযানে হেরোইনসহ ২৬ জন গ্রেফতার

রংপুর, ৩১ জুলাই, ২০২৬ (বাসস): রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালি থানার পৃথক বিশেষ অভিযানে হেরোইন উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার পরিচালিত অভিযানে ৬ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৭ হাজার ২৫০ টাকা উদ্ধারসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া গাঁজা সেবনের অভিযোগে ১৩ জন, হাসপাতাল এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নন-এফআইআর প্রসিকিউশনে ১১ জন এবং একটি চুরি মামলার তদন্তে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর কোতোয়ালি মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল কাদের বাসসকে জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরপিএমপি জানিয়েছে, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।