শিরোনাম

চুয়াডাঙ্গা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা আজ থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এরপর মুক্তমঞ্চ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল ও জেলা পরিষদ প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ। পরে মুক্তমঞ্চ প্রাঙ্গণে নিমের চারা রোপণ করা হয়। এ সময় মেলার স্টলগুলো পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। মেলায় ১৪টি স্টলে ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা প্রদর্শন করা হয়েছে। মেলার স্টলে প্রদর্শিত এসব গাছের চারাগুলোর গুণমান পর্যবেক্ষণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
তিনি বলেন, ‘আজকের বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার আয়োজন অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তন, তীব্র তাপপ্রবাহ, পরিবেশ দূষণ এবং জীববৈচিত্র্যর সংকট আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক শরীফুজ্জামান শরীফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলার নির্বাহী অফিসার তিথি মিত্র, আনসার ও ভিডিপি’র কমান্ড্যান্ট রফিকুল ইসলাম, তথ্য অফিসার শিল্পী মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরআগে আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
আগামী ৮ আগষ্ট পর্যন্ত এই মেলা চলবে।