বাসস
  ২৯ জুলাই ২০২৬, ২২:৫৬

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করলেন আরপিসিসি প্রশাসক

ছবি : বাসস

রংপুর, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : মহানগরীর সড়ক সংস্কার ও নির্মাণ কাজের মান নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন (আরপিসিসি)-এর প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন।

তিনি বলেন, ‘রংপুর শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।’

বুধবার নগরীর মহিগঞ্জ ও সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকায় প্রায় ছয় কিলোমিটার সড়কের নির্মাণ ও সংস্কার কাজ এবং চিকলি পার্ক এলাকায় এক কিলোমিটার রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) সড়ক নির্মাণের উদ্বোধনকালে পৃথক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরকারি উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের অধীনে ৯৫.২৭ লক্ষ টাকা ব্যয়ে মহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি সড়ক পর্যন্ত ১৩৭৭ মিটার, ৯৬.৩৮ লক্ষ টাকা ব্যয়ে মহিগঞ্জ শহীদ মিনার থেকে পীরগাছা রোড হয়ে দেওয়ানটুলি পর্যন্ত ১৩৪০ মিটার, ৮.৬৮ কোটি টাকা ব্যয়ে সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে বারাবাড়ি রোড পর্যন্ত ৪১০০ মিটার সড়ক সংস্কার এবং ৩.৫৮ কোটি টাকা ব্যয়ে চিকলি পার্ক পর্যন্ত ১০২০ মিটার আরসিসি সড়ক নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখতে গিয়ে আরপিসিসি প্রমাসক বলেন, রংপুরকে একটি পরিবেশবান্ধব, আধুনিক, বাসযোগ্য, যানজটমুক্ত ও সুপরিচালিত শহর হিসেবে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নাগরিকদের দুর্ভোগ লাঘব করতে এবং সড়কে সকলের চলাচল সহজ ও আরামদায়ক করার লক্ষ্যে নগরীর জরাজীর্ণ ও প্রধান সড়কগুলোর সংস্কারের দিকে বিশেষ মনোযোগ দিয়েছি।’

বহু প্রতীক্ষিত জাহাজ কোম্পানি মোড় থেকে মহিগঞ্জ সাতমাথা মোড় পর্যন্ত সড়কের আধুনিকীকরণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন জাতীয়তাবাদী যুবদলের সদস্য-সচিব আতিকুল ইসলাম লেনিন, এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, ঠিকাদার খায়রুল কবির রানা,  আরপিসিসির কর্মকর্তা এবং বিএনপির সহযোগী সংগঠনগুলোর নেতা ও কর্মীরা।