শিরোনাম

রংপুর, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে সকল নাগরিককে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ করে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)। গতকাল বুধবার রাতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,রংপুর মহানগরী ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন,সুশৃঙ্খল নগরায়ণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি বিধান অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে।
গণ বিজ্ঞপ্তিতে ভবনের মালিক, নির্মাণকারী, আবাসন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ, সম্প্রসারণ বা পরিবর্তন না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করা এবং অবৈধ দখল, ভরাট বা পরিবেশের ক্ষতি হয়-এমন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ভবন নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণের জন্য রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। গণ বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে পরিচালিত যে কোনো কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য রংপুর গড়ে তুলতে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করছে।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু বলেন, নগরীর বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে রংপুর নগরী। তাই রংপুর নগরীর পরিবেশ ঠিক রাখার জন্য ঝুঁকিপূর্ণ কোনো ভবন নির্মাণ না করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।