বাসস
  ১৬ জুলাই ২০২৬, ১৩:৪০

দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি স্থাপন

জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা আজ সকালে এ ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: বাসস

দিনাজপুর, ১৬ জুলাই ২০২৬ (বাসস): জেলা পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা আজ সকালে এ ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পুলিশ সদস্যদের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত প্রায় দেড় কোটি টাকা মূল্যের এসব মেশিনপত্র স্থাপন করা হয়।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে। এ ল্যাবরেটরির মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি ও প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করাতে পারবেন। যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ ও দ্রুততর করবে।

উদ্বোধন শেষে পুলিশ সুপার নব-স্থাপিত ইসিজি ইউনিট ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি আধুনিক, নির্ভুল ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে পুলিশ সদস্যরা দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসাসেবা গ্রহণ এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ পাবেন। যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সক্ষমতা ও কর্মোদ্যম বৃদ্ধি করবে।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, দিনাজপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ হাসপাতালের চিকিৎসক, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।