বাসস
  ২৪ জুন ২০২৬, ১৯:৩৪

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত 

ছবি: বাসস

বাগেরহাট, ২৪ জুন, ২০২৬, (বাসস): জেলার রামপাল উপজেলার ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ‘আমাদের উপকূল, আমাদের দায়িত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা।

আজ বুধবার দিনব্যাপী নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এবং পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রাণের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব জীবনচর্চা বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষে এ আয়োজন করা হয়।

মেলায় শিক্ষার্থী, তরুণ-তরুণী, নারী, কৃষক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম।

সভাপতিত্ব করেন নারী কণ্ঠ যুব উন্নয়ন সংস্থার সভাপতি  জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক জনাব শেখ মুজাফফর হোসেন।

মেলায় জীবন্ত জলবায়ু মানচিত্র, সমাধান ল্যাব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ‘জলবায়ুর গল্প বলি’, ‘প্লাস্টিক দিন, গাছ নিন’ এবং ‘আমাদের ভবিষ্যৎ দেয়াল’সহ নানা অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

এসব কার্যক্রমে অংশগ্রহণকারীরা স্থানীয় জলবায়ু ঝুঁকি, নদীভাঙন, লবণাক্ততা, জলাবদ্ধতা, ঘূর্ণিঝড়, পানির সংকট এবং জীবিকার পরিবর্তন নিয়ে নিজেদের অভিজ্ঞতা ও সমাধানের ভাবনা তুলে ধরেন।